

কুমিল্লায় শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে হারেছ মিয়া (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ৮টায় জেলার নাঙ্গলকোটের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসানপুর-কুমিল্লা সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা হেলপারসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চার ঘণ্টা পর যখন বাসটি পুকুর থেকে তোলা হয়, তখন বাসের নিচে আরেকটি মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, বাসটি চালকের সহকারী চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি জানিয়েছিলেন বাসের মধ্যে তিনজন যাত্রী ছিলেন। চালকের সহকারী যদি সঠিক তথ্য দিত তাহলে হয়তো হারিছ নামের ওই মাছ ব্যবসায়ী প্রাণ হারাতেন না।
বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


