

গাজীপুরের শ্রীপুরে মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার পথে শিহাব হোসেন নামে এক ছাত্রলীগের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিহাব ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
স্থানীয়দের বরাতে জানা যায়, শবে বরাতের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন শিহাব হোসেন। এ সময় একটি কিশোর গ্যাং চক্র চারটি মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন শিহাব। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকের বাঁ পাশে গুলি লেগেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন দূরবীন নিউজকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আসামী শনাক্ত এবং দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের টিম কাজ করছে।’



