

নরসিংদীতে বসতঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ মে) সকালে জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের শেখ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও রাকিবা আক্তার (৭)। এদের মধ্যে রহিমাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। বাকি দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস পেশায় একজন রঙ মিস্ত্রি এবং রহিমা দর্জি। শনিবার (২১ মে) কাজের সুবাদে গাজীপুর যান গিয়াস। রোববার সকালে বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ পড়ে আছে। পাশে দুই সন্তানের নিথর মরদেহ।
এ সময় গিয়াসের চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ঘটনা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, মরদেহ সুরতহালের কাজ চলছে। তবে কে বা কারা মা-সন্তানদের হত্যা করেছে এবং কী কারণে করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


