

জামালপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপন (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ মে) বিকালে সদর উপজেলার রশিদপুর গ্রাম থেকে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সকালে মাদক সেবনের টাকা না পেয়ে বাবা আব্দুর রশিদকে (৬৫) পিটিয়ে আহত করে রিপন। পরে স্থানীয়রা আব্দুর রশিদকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মহেছ শেখের ছেলে।
আব্দুর রশিদের আরেক ছেলে জাহাঙ্গীর আলম শিপন জানান, তার ছোট ভাই প্রায়ই মাদক সেবনের টাকার জন্য বাবাকে মারধর করত। শনিবার সকালেও টাকা চাইলে বাবা দেননি। এতে রিপন ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করেন। এক পর্যায়ে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার বন্ধুরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। পরে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, বাবাকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে বড় ভাই শিপন। এছাড়া আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে রিপনের বন্ধু ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও আসামি ছিনতাই চেষ্টার মামলা করা হয়েছে।


