
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন। তার নাম শাহানাজ বেগম (৫৯)।
শনিবার (২১ মে) বিকাল ৫টার দিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত হাজতি শাহানাজ পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার আ. রাজ্জাকের স্ত্রী। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ২০১৬ সালের ৩০ মে থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, শাহনাজের অ্যাজমার সমস্যা ছিল। পাশাপাশি তিনি মানসিক রোগেও আক্রান্ত ছিলেন। শনিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। বিকালে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বিকেল ৫টার দিকে মারা যান তিনি।
হালিমা খাতুন আরো জানান, রাজধানীর কামরাঙ্গীরচর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার হয়েছিলেন শাহনাজ। প্রথমে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।



