

গ্রাম বাংলার দর্শকদের কাছে ভাদাইমা নামে বেশ জনপ্রিয় জনপ্রিয় কৌতুক অভিনেতা টাঙ্গাইলের আহসান আলী (ভাদাইমা) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আহসান আলী টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি ছিল। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পারিবারিক সূত্র জানায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই দশক আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন তিনি। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচপরিচিতি লাভ করেছিলেন।



