
দেশের ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিন বিভাগে অধিক পরিমাণে ও অপর তিন বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে।
সোমবার (২৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে এ আভাস দেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
এ সময় তিনি জানান, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এসব বিভাগে বেশি বৃষ্টি হবে। তবে মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অন্যদিকে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণ কম হবে।
এছাড়া খুলনা ও ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুই দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। তবে দুই দিন পর থেকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। তবে এখন বৃষ্টি হলেই সঙ্গে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে, যেটা অব্যাহত থাকবে। এছাড়া বর্তমানে সাগরও শান্ত অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।



