
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াছির হোসেন কানন নামে কলেজ ছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু শহীদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের উপরে ট্রাকচাপায় কানন নিহত হয়।
নিহত ইয়াছির হোসেন কানন মির্জাপুর সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আমিন হোসেনের ছেলে। কানন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র। আহত শহীদুল একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
পুলিশ জানায়, কানন ও শহীদুল সকালে একসাথে মোটরসাইকেল নিয়ে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে গেলে টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান এবং শহীদুল গুরুতর আহত হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



