
২০২৩ সালের মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরের নির্মানাধীন তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী।
সোমবার (২৩ মে) বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন তিনি।
মন্ত্রী বিমানের ভাড়া সম্পর্কে বলেন, প্রবাসী শ্রমিকদের ভাড়ার বিষয়টি বিবেচনা করে এয়ারলাইন্সের সাথে আলোচনা হচ্ছে এবং তা সহনীয় করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন ২১ হাজার যাত্রী এই এয়ারপোর্ট দিয়ে চলাচল করে। তাদের সকলকে প্রশ্নের আওতায় আনা অসম্ভব। তবে সন্দেহভাজন ১-২ শতাংশ যাত্রীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। তাছাড়া নিরাপত্তার জন্য ই-গেট চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান জানান, ট্রলি ব্যবহারের পর যেন হারিয়ে না যায় সে জন্য ট্রলি গেটের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া হুইল চেয়ারে সরাসরি বিমানযাত্রীরা গেট পার হতে পারে সে বিষয়ে আমরা দেখবো।


