মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই করা একটি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলশি জানায়, শনিবার সকালে টাঙ্গাইল থেকে ছিনতাইকারীরা একটি ট্রাক ছিনতাই করে সিলেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। গুরুতর অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে তারা মারা যান।

নিহতরা হলেন- উপজেলার মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), অটোরিকশাচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

citytouch 728-X-90

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।