

বিশ্বের সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম থেকে এগিয়ে ৯৪তম। শুক্রবার (১৮ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়। প্রতিটি দেশের মানুষের মানসিক সুখ, অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে মূলয় বার্ষিক প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।
জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত সুখী দেশের এ তালিকাটি বলছে, ৭ দশমিক ৮২১ পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে ফিনল্যান্ডকে। আর ২ দশমিক ৪০৪ পয়েন্ট নিয়ে তালিকার সব নিচে রয়েছে আফগানিস্তান।
এ তালিকার ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৫তম, ২০২০ সালে ১০৭তম, ২০২১ সালে ১০১তম এবং এ বছর ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম। অর্থাৎ তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে বাংলাদেশ। ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম ও নেপাল রয়েছে ৮৪তম স্থানে।
তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ২ দশমিক ৪০৪। কম সুখী দেশ হিসেবে আফগানদের ওপরে ঠাঁই হয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা প্রভৃতি দেশের।
২০১৮ সাল থেকেই সুখী দেশের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছে নরডিক দেশ ফিনল্যান্ড। এ বছর তাদের পয়েন্ট ৭ দশমিক ৮২১।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।
এ বছর তালিকা প্রণয়নের জরিপ শেষ হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে। তাই সুখী দেশের তালিকায় এর কোনো প্রভাব পড়েনি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২-এ ইউক্রেন রয়েছে ৯৮তম এবং রাশিয়া ৮০তম স্থানে।
গতবারের চেয়ে তিন ধাপ এগিয়ে এ বছর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম। তাদের আগে রয়েছে কানাডা ও পরে যুক্তরাজ্য।



