

দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে কমতে ৬২ জনে নেমে এসেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৪ জনেই রয়ে গেছে। টানা তিনদিন মৃত্যু শূন্য থাকার পর গত শুক্রবার কোভিড আক্রান্ত দুইজনের মৃত্যু হয়। শনিবার আবার করোনায় মৃত্যু শূন্য দিন কাটাচ্ছে বাংলাদেশ।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।



