

দেশের নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য পাবে আজ রোববার থেকে। পরিবারগুলো দুই কিস্তিতে পাবে এই পণ্য। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।
রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুারোর সভাকক্ষে গ্যাল শুক্রবার টিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, নিন্ম আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে দেশব্যাপী সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে সরকার। তবে ঢাকা ও বরিশাল সিটি কর্পোরেশন প্রায় ১৩ লক্ষ পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। এই দুই নগরীর মানুষকে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী, এক কোটি পরিবার টিসিবির পণ্য পাওয়ায় এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন বলে তিনি দাবি করেন। মন্ত্রী বলেন, বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে।
প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।
এসব পণ্য দেশব্যাপী সুষ্ঠভাবে বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। টিপু মুনশি বলেন, প্রকৃত প্রাপক যেন টিসিবির এসব পণ্য পান, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের বাইরে নিম্নআয়ের মানুষের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে। তাই রমজান মাসে পণ্যের কোন সংকট হবে না বলে তিনি উল্লেখ করেন।



