নওগাঁর নিয়ামতপুরে ২০ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

(১৯ মার্চ) শনিবার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের বড় ব্যবসায়ী এবং উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা।

citytouch 728-X-90

উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) আবদুল্লাহ্ আল মামুন জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে চাতালের গুদাম-ঘরে (মেসার্স হাবিবা স্টোর) এ অভিযান চালানো হয়।

এ সময় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১০০টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় মজুদকৃত তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

তার ব্যবসায়ীক লাইসেন্স আগামী ৫ কর্ম-দিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।