

রাজধানীর মতিঝিলের বোরাক সেন্টারে লিফটে আটকে পড়া সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২০ মার্চ) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ২২ মিনিটের চেষ্টায় নিরাপদে উদ্ধার করে ইলোরা পালকে। উদ্ধার হওয়ার পর তিনি বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।


