

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে। এজন্য শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা-টরন্টো রুটের টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তার ৫ মিনিট পরই বিমানের ওয়েবসাইটে দেখা যায় টিকিট শেষ ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ১১ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৩০৫ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ২৭ মার্চ স্থার্নীয় সময় সকাল সোয়া ৭টায় সেখানে অবতরণ করবে। টরন্টো থেকে ফিরতি ফ্লাইট আগামী ২৯ মার্চ স্থানীয় সময় সকাল ১০ টায় ঢাকার পথে যাত্রা করবে।
যাত্রীদের কানাডার ভ্রমণ নির্দেশনা অনুসরণ করে ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।
তবে বিজ্ঞপ্তি প্রকাশের ৫ মিনিটের মধ্যে যাত্রীরা টিকিট কাটার চেষ্টা করলে ‘সোল্ড আউট’ (বিক্রি শেষ) দেখায়। যাত্রীরা কল সেন্টারে যোগযোগ করলে সেখান থেকে জানানো হয়- সাধারণ যাত্রীরা এখনই টিকিট পাবেন না।
সত্যতা যাচাইয়ে বিমান কল সেন্টারের ০১৯৯০৯৯৭৯৯৭ এই নাম্বারে যোগাযোগ করা হলে প্রতিনিধিরা জানান, এখনই ওই রুটে সাধারণ যাত্রীদের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে না। বিমানের নির্ধারিত ব্যক্তিরা (ভিআইপি) এই ফ্লাইটে যাবেন।
তবে কবে নাগাদ এই রুটে সাধারণ যাত্রীরা যেতে পারবেন বিমান কর্তৃপক্ষ তা জানায়নি। এছাড়া, এই ফ্লাইটের ভাড়া কত, কবে নাগাদ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে এসব বিষয়ে কোনও তথ্য দেয়নি বিমান বাংলাদেশ।


