

প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরেই স্কুলে যাচ্ছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণা। রোববার সকালে স্কুলের পোশাক পরে দিনাজপুর জেলার ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের শ্রেণিকক্ষে যায় এই কিশোরী।
এর আগে গত ১৬ মার্চ সকালে ইউনিফর্ম পরে না যাওয়ার অভিযোগে স্বর্ণাকে স্কুল থেকে বের করে দেন ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। ওই রাতেই প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম স্বর্ণার হাতে পৌঁছে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
একই সঙ্গে থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্বর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এছাড়াও তার চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারায় আনন্দিত বলে জানিয়েছে স্বর্ণা।
টাকার অভাবে টেইলার্সে দেওয়া ইউনিফর্মটি আনতে না পারায় পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলাম ১৬ মার্চ সকালে ইউনিফর্ম ছাড়াই তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। পরে ওই স্কুলের প্রধান শিক্ষক হাসেম আলী সবার সামনে স্বর্ণকে অপমান করে স্কুল থেকে বের করে দেয়।



