

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি ৫৫ হাত পানির নিচ থেকে টেনে তুলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পরে লঞ্চটি বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে আলামিননগর এলাকায় রাখা হয়।
লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো লাশ মেলেনি। তবে এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তাই লঞ্চ উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নদীতে লাশের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, লঞ্চ উদ্ধারের পর ভেতরে তল্লাশি চালানো হয়েছে, কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্রোতের কারণে লাশ চলে যেতে পারে। মরদেহের খোঁজে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত আছে।
রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২। লঞ্চে সে সময় অর্ধশতাধিক যাত্রী ছিলেন।যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন বেশ কয়েকজন। সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় পালিয়ে যাওয়া জাহাজ রূপসী-৯ এবং এর মাস্টারকে মুন্সীগঞ্জের হোসেনদি এলাকা থেকে আটক করে নৌ-পুলিশ।


