

জন্মের পর থেকে জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করতে দ্বিতীয় বারের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। মেডিক্যাল বোর্ড গঠন করে জোড়া শিশুর অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজলের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয়।
২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া শিশু।
এই জোড়া শিশুর অস্ত্রোপচারে শিশু পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারি ও এ্যানেসেলোজি বিভাগের চিকিৎসকরা কাজ করছেন।
শিশুদের বাবা রাজমিস্ত্রীর হেল্পার লাল মিয়া বলেন, ওদের বয়স এখন ২ বছর ১১ মাস। গত বছরের ১৩ ডিসেম্বর তাদেরকে অস্ত্রোপচার করা হয়। তবে সেদিন আলাদা করা হয়নি। সোমবার তাদেরকে আবার আলাদা করার কাজ চলছে। ১১ ঘণ্টা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন।


