বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ১১৮টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। আর ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় ঢাকা দ্বিতীয়।

মঙ্গলবার (২২ মার্চ) সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউ এয়ারের কোয়ালিটি ইনডেক্সে বাংলাদেশ-১৬১ আর ঢাকা-২০৭ রেকর্ড করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সব থেকে দূষিত শহর ঢাকা এবং পরিচ্ছন্ন শহর কুমিল্লাকে বলা হয়েছে।

সুইস এই সংস্থার মতে, বাংলাদেশের বায়ুতে প্রাণঘাতী পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল ৭৬ দশমিক ৯ শতাংশ; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে কয়েক গুন বেশি।

citytouch 728-X-90

এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশে পিএম-২.৫ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল যথাক্রমে ৯৭.১, ৮৩.৩ ও ৭৭.১ মাইক্রোগ্রাম।

বাংলাদেশের পরই এই তালিকায় আছে আফ্রিকার দেশ চাদ; এই দেশটি প্রথমবারের মতো আইকিউএয়ারের তালিকায় স্থান পেয়েছে। এছাড়া পাকিস্তান (তৃতীয়), তাজিকিস্তান (চতুর্থ), ভারত (পঞ্চম) এবং ওমান ষষ্ঠ স্থানে আছে।

সংস্থাটির কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, চীনের অবস্থা অতীতে অনেক খারাপ ছিল। দেশটি দিন দিন উন্নতি করছে। ২০২১ সালে চীন পিএম ২ দশমিক ৫ র‌্যাংকিংয়ে ২২তম স্থানে নেমে এসেছে। এর আগের বছর দেশটির অবস্থান ছিল ১৪তম।

তিনি আরো বলেন, বায়ু দূষণ বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য হুমকি। প্রত্যেক বছর বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে বায়ু দূষণের কারণে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন, প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি হয় পিএম-২.৫ এর কারণে।