

ভ্যাকসিনেশনে বিশ্বে অষ্টম বাংলাদেশ
বিশ্বের ২০০ দেশের মধ্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিনেশনে বাংলাদেশের অবস্থান অষ্টম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১২ মার্চ (শনিবার) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমরা ২০০ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছি। আর এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমেরিকার মতো শক্তিধর দেশেও করোনায় ১০ লাখ লোক মারা গেছে। সেই তুলনায় আমাদের দেশের অবস্থা অনেকটাই ভালো আছে। তাছাড়া ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। আর এই কৃতিত্ব নিঃসন্দেহে সরকারের।
অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


