

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় আরও তিনটি বাস রুট চালুর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
তাপস বলেন, ‘২২ তম যাত্রা পথে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫ টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা নগর পরিবহন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। যাত্রীসেবার মান সন্তোষজনক। আমরা ৫০টি বাস চালু করেছি। বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি।



