

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার মতো শক্তিশালী দেশ, আমাদের বন্ধুপ্রতীম দেশের সেক্রেটারি অব স্টেট (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) অ্যান্থনি ব্লিঙ্কেন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। দেরিতে হলেও এটাকে আমরা স্বাগত জানাই। এটা ভালো সংবাদ।’
তিনি আরও বলেন, ‘এটা দেওয়ার ফলে আমাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এর ফলে আইসিজেতে যে কেইস (মামলা) চলছে এটা আরও শক্তিশালী হতে পারে। গণহত্যার বিষয়টি যেহেতু তারা স্বীকার করেছে, আমার বিশ্বাস বড় দেশ হিসেবে তারা যদি পুশ করে বা প্রেশার (চাপ) দেয়, প্রত্যাবাসনে একটা সমাধান আসবে। আমার মনে হয়, তারা অনেক বেশি চাপ প্রয়োগ করবে মিয়ানমার সরকারকে। এতে করে তারা (মিয়ানমার) লোকগুলোকে দেশে ফেরত নেবে। আমার ধারণা তারা (যুক্তরাষ্ট্র) এ ব্যাপারে আরও সজাগ হবেন, যাতে মিয়ানমার থেকে বিতাড়িতদের প্রত্যাবাসন হয়।
প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ধীরগতি করছে উল্লেখ করে মোমেন বলেন, ‘তারা কিন্তু কথা দিয়েছে, তারা বলেছে; নিয়ে যাবে, কিন্তু তারা বিভিন্নভাবে ধীরগতি করছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, রোহিঙ্গাদের যেন মঙ্গল হয় এবং তাদের একটা সুন্দর ভবিষ্যত যেন তারা গড়ে তুলতে পারে। আমরা আশা করব, তারা তাদের নিজেদের লোকগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাবে।’



