

রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি আদালত থেকে কাজ শেষে রাতে বাসযোগে গুলিস্তানে এসে নামেন। রাস্তাপার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পেছন থেকে একজন ছুরিকাঘাত করেন।
আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান জানান, ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক খালি গায়ে ও লুঙ্গি পরিহিত অবস্থায় এসে ওই পুলিশ সদস্যকে পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্য পিঠে ছুরিটা ঝুলছিল। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।
শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, গুলিস্তান এলাকায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার চিকিৎসার পাশাপাশি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।


