আবহাওয়া-জলবায়ু সংক্রান্ত সতর্কবার্তা নির্ভুলভাবে পৌঁছে দিতে হবেঃ রাষ্ট্রপতি
হেড অফ ডিজিটাল মিডিয়া


আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। খবর : বাসস।
বুধবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন,আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগের ঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বলেন, আবহাওয়া-পূর্বাভাসের ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, দুর্যোগ-ঝুঁকিহ্রাস ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেমের মাধ্যমে সাড়া দান এবং উদ্ধার প্রক্রিয়ার জন্য আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নত গাণিতিক মডেল, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস প্রদানের সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।



