ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবার নির্দেশ প্রধানমন্ত্রীর
হেড অফ ডিজিটাল মিডিয়া


আগামী পহেলা বৈশাখ থেকে অনলাইনে নেয়া হবে শতভাগ ভূমি উন্নয়ন কর। বুধবার (২৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভূমি সম্মেলন-২০২৩ ও ভূমি মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত সম্মেলনে বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে দেশের অনেক মানুষকে অনেক হয়রানি হতে হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছি, সেখানে, আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন; আপনার সম্পদ আপনার ই থাকবে। আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ জনগণের পাশাপাশি ১৯২টি দেশ থেকে কল সেন্টারে বা ভূমি সেবা পোর্টালে আবেদন করলে প্রবাসীদের ঠিকানায়ও খতিয়ান প্রেরণ করা হবে। ১৬১২২ ফোন করে কিংবা ঘরে বসে Land.govt.bd এই পোর্টাল থেকে নামজারি, খতিয়ান নেওয়া এবং ভূমি কর দেওয়া যাচ্ছে।গত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত শুধু অনলাইনেই ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৭৭০ কোটি টাকা। আগামী ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি ভূমি উন্নয়ন কর আদায় বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কেবল অনলাইনেই দেওয়া যাবে। দিনে গড়ে রাজস্ব আদায় পাঁচ কোটি টাকার বেশি।প্রধানমন্ত্রী এ সময় বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। ভূমি সংক্রান্ত অপরাধ ঠেকাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ভূমিতে নতুন নিয়োগ বিধিমালার মাধ্যমে নিয়োগের সমস্যারও সমাধান করা হয়েছে। সামনে আর জনবল সংকট থাকবে না। সব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ করা হয়েছে। তাদের যানবাহনও দেওয়া হয়েছে।ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।


