

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবদুল মান্নান (৭৫) নামের এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দিয়েছেন তারই সন্তানেরা। পরে স্থানীয়দের মধ্যস্থতায় প্রায় ২২ ঘণ্টা পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ) জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পশ্চিম হাজি বাড়িতে এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল জানান, আবদুল মান্নানের তিন ছেলে ও দুই মেয়ে। কয়েক বছর আগে তিনি তার ছোট ছেলে আবুল কালাম, পুত্রবধু জাহানারা বেগম ও তাদের সন্তানদের নামে ৩৯ শতাংশ জমি রেজিস্ট্রি করে লিখে দেন। এ নিয়ে বাকি দুই ছেলে ও দুই মেয়ের সঙ্গে তার চরম বিরোধ সৃষ্টি হয়।
সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান আবদুল মান্নান। এরপর তারা জানাজা ও মরদেহ দাফনে বাধা দেন সন্তানেরা। পরে স্থানীয় কয়েকজন গণমান্য ব্যক্তি বিষয়টি সমাধানের আশ্বাস দিলে মঙ্গলবার সন্ধ্যার পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
এই বিষয়ে জাহানারা বেগমের ভাই আরমান পাপ্পু বলেন, সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি সমাধোনের আশ্বাস দিলে মৃতের মরদেহ দাফন করা হয়।



