

ব্যস্ততম ঢাকা শহরের নিত্যদিনের সঙ্গী তীব্র যানজট। এই ভোগান্তি এড়াতে মেট্রোরেল আসছে, এমন খবরে অনেকটা স্বস্তি পেয়েছিলেন নগরবাসী। এই সেবার অপেক্ষায় রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা। এরই মধ্যেই প্রস্তাবনা এসেছে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ নিয়ে।
ঢাকাবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল লাইন-৬ এর ভাড়া হতে পারে সর্বনিম্ন ৮ টাকা এবং সর্বোচ্চ ৪৮ টাকা। প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা হিসাবে এ প্রস্তাব করা হয়েছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইন-৬ এর ভাড়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যে ভাড়ার প্রস্তাব দিয়েছিল সেটি সরকারের মনোপুত হয়নি। এ কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভাড়া সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপকক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালককে প্রধান করে সাত সদস্যের এ কমিটি করা হয়। নতুন এ কমিটি মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে ভাড়ার প্রস্তাব করেছিল সেটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবিত ভাড়া জনবান্ধব নয়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বনিম্ন ৮ টাকা এবং সর্বোচ্চ ৪৮ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে ভাড়ার প্রস্তাব করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। মেট্রোরেলের ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটি এমন সুপারিশ করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, এ ভাড়া জনবান্ধন নয়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মেট্রোরেল কর্তৃপক্ষ প্রস্তাবিত ভাড়া চূড়ান্ত করতে আরও যাচাই-বাছাই করবে। এজন্য ভাড়া সংক্রান্ত কমিটি গত ১৬ মার্চ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বেসরকারি খাতের কাউকেই রাখা হয়নি। এমনকি টেকনিক্যাল বিষয়ক কাউকেও রাখা হয়নি। পুনর্গঠিত কমিটির সাতজনই সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কমিটিতে ডিটিসিএ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমটিসিএল, বাংলাদেশ রেলওয়ে ও সড়ক বিভাগের প্রতিনিধি রয়েছেন।
সরকারের ব্যয় যোগাতে ৪৯ লাখ টাকা লাগবে দিনে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে উল্লিখিত ফেব্রুয়ারি-২০২২-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মেট্রোরেল লাইন-৬-এর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৭৬ দশমিক ৭২ শতাংশ। আর উত্তরা তৃতীয় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি হচ্ছে ৯০ দশমিক ৬৯ শতাংশ।
জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের একাংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।



