

প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্থানের বঙ্গবাজার মার্কেটের আগুন। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রচেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।এতো বড় টিম কাজ করার পরও আগুন নেভাতে দেরি হওয়ার কারণ হিসেবে উৎসুক জনতাকেও দায়ী করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন।প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, আগুন আরো আগেই নিয়ন্ত্রণে আনা যেতো। তবে উৎসুক জনতা ও পানির সংকটের কারণে দেরি হয়েছে।সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে উল্লেখ করে তিনি বলেন, ৪৮টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন নিয়ন্ত্রণে চলে এসেছে তবে নির্বাপণ করতে আরো ১ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন ডিজি। তিনি বলেন, আগুন আর ছড়াবে না।এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।



