

কান্না যেন থামছেই না বঙ্গবাজারের ব্যবসায়ীদের। পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে এখনো নিজেদের ব্যবসার শেষ চিহ্নটুকু হাতড়ে বেড়াচ্ছেন এসব মানুষ। আগুনে সর্বস্ব হারানো এসব মানুষের পাশে এবার বিশেষ সহায়তা নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান নগদ। আজ দুপুরে ক্ষতিগ্রস্থ বঙ্গবাজার এলাকায় দূরবীন নিউজের প্রতিনিধিদের এই তথ্য জানান নগদের ইনোভেশন এন্ড ইনসাইট বিভাগের পরিচালক সোলায়মান সুখন।ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এখন পর্যন্ত এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। যার সবশেষ সংযোজন নগদ। নগদের পক্ষ থেকে সোলায়মান সুখন জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় আমাদের ২০ থেকে ২৫ জন উদ্যোক্ত ছিলেন। যাদের মাধ্যমে নগদের ক্যাশ ইন-ক্যাশ আউটের সেবা নেয়া হতো। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছি আমাদের নগদ পরিবারের সেসব মানুষের জন্য আর্থিক এবং মানসিক সেবা প্রদান করার জন্য। ধীরে ধীরে বাকি ব্যবসায়ীদের সেবা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নগদের ইনোভেশন এন্ড ইনসাইট বিভাগের পরিচালক। তিনি জানান, অতি শীঘ্রই নগদ অ্যাপের ডোনেশন অপশনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা চালাবেন তারা। এছাড়া বিভিন্ন দাতব্য সংস্থার নগদ নাম্বারের সাহায্যেও ক্ষতিগ্রস্থদের সেবা প্রদান করা যাবে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে পোশাকের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করে। ৬ ঘন্টার প্রচেষ্টার শেষে দুপুর সাড়ে ১২ টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর টাকাপয়সার হিসাবে ব্যবসায়িক ক্ষতির অঙ্ক এখনো জানা যায়নি।



