

ঈদকে কেন্দ্র করে টানা ১৩ দিনের জন্য ২৪ ঘন্টাই খোলা থাকবে ফিলিং স্টেশন। ঈদের আগে ও পরে ১২ দিন এবং ঈদের দিন ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে। আজ রবিবার সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন, ঈদের দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে। ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেছেন তিনি।তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।তিনি বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে। গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।



