
‘এই রাষ্ট্রের মালিক জনগণ। আমরা যাঁরা সরকারে কাজ করি, তাঁরা তাদের সেবক ভাবব, যে যত বড় পদে আছেন সে তত বড় সেবক।’ গতকাল রবিবার দুপুরে রাজবাড়ী জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি বলেন, ‘সারা দেশের আদালতে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন। এসব মামলার বাদী-বিবাদীকে হাজিরাসহ নানা কাজে আদালতে আসতে হয়। কিন্তু এসব সাধারণ মানুষের বিশ্রামের কোনো ব্যবস্থা নেই আদালত এলাকায়। এসব বিষয় দেখার দায়িত্ব রাষ্ট্রের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি দেশের প্রত্যেক আদালতে ন্যায়কুঞ্জ তৈরিতে সম্মতি দেন। সরকার ন্যায়কুঞ্জ তৈরির জন্য ৩৫ কোটি টাকা দিয়েছে। আমরা দেশের প্রত্যেক আদালতে পর্যায়ক্রমে ন্যায়কুঞ্জ গড়ে তুলব।’


