

চার দিনের সফরে ২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের তারিখ নির্ধারণ হয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল আনুষ্ঠানিক সফরে জাপানে সফর করবেন।এদিকে বিষয়টি আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করবেন।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, জাপান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে এবং আশা করছে এ সফরের মধ্যে দিয়ে জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটা হবে শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। ১৯৯৭ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে তিনি জাপানে এসেছিলেন।


