
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সমাহিত করা হবে, নাকি দেহ দান করা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি। পরিবারের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।আজ (১২ এপ্রিল) গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আলতাফুন্নেসা বলেন, বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। একই সময় রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হবে। দুপুর ২টায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তার নামাজে জানাযা হবে। এরপর শুক্রবার সকাল ১০টায় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর আরেক দফা জানাজা হবে।গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা বুধবারই বৈঠকে বসবেন। সেখানেই সিদ্ধান্ত হবে, তাকে সমাহিত করা হবে, নাকি দেহ দান করা হবে। উনারা ১০ ভাইবোন, তার স্ত্রী-সন্তান আছেন। একজন বাদে তাদের সবাই ঢাকায় অবস্থান করছেন। দেহ দানের বিষয়টি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তারা আজকের মধ্যে বসে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা করছি। আগামীকাল জানাজার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


