

বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে। দেশে এখন একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগের জরিপ অনুযায়ী, দেশে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, প্রথমবারের মতো বাংলাদেশে মানুষের গড় আয়ু কমলো।প্রকল্প পরিচালক আলমগীর হোসেন এ সময় জরিপের ফল উপস্থাপন করেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।জরিপ অনুযায়ী, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।


