

দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে রাজসিক আয়োজনে বঙ্গভবন থেকে বিদায় নিলেন মো. আবদুল হামিদ।এ সময় সবার আগে ছিল ঝাণ্ডা হাতে অশ্বারোহী দল, তাদের পেছনে তিন বাহিনীর ব্যান্ড দল বাদ্যযন্ত্রে তুলছিল দেশাত্মবোধক গানের সুর। বঙ্গভবনের কর্মীরা দুই সারিতে লাল কাপড়ে মোড়ানো দুটো রশি ধরে এগিয়ে যাচ্ছিলেন প্রধান ফটকের দিকে; সেই রশি বাঁধা পুষ্পশোভিত এক প্যারেড কারে, সেখানে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছিলেন আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। দুই পাশ থেকে তখন চলছে পুষ্পবৃষ্টি।বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে আর কোনো রাষ্ট্রপতির জন্য সর্বোচ্চ রাষ্ট্রাচারে এমন বিদায় অনুষ্ঠান দেখেনি বঙ্গভবন।সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তারপর চেয়ার বদলের মাধ্যমে তার কাছে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। কিছুক্ষণ পর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে শুরু হয় তার বিদায় পর্ব।বিদায়বেলায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার দেওয়া হয় আবদুল হামিদকে। তার আগে বাংলাদেশে যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তাদের কেউ কার্যত আনুষ্ঠানিক বিদায় পাননি।বঙ্গভবন ছেড়ে ঢাকার নিকুঞ্জে নিজের বাড়ি 'রাষ্ট্রপতি লজে' উঠেছেন আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা।


