

আগামী অর্থবছর ২০২৩-২০২৪ এর জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এছাড়া স্বায়ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১ হাজার ৬৭৪ কোটি টাকা এডিপিও আজ অনুমোদিত হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অন্যান্য বছরের মতো এ বছরও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।সভায় জনগণের অর্থ ব্যয়ে সতর্কতা ও কৃচ্ছতাসাধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, অহেতুক বিলাসী খরচ এবং বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে।এনইসির সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা মিলবে। ৯৪ হাজার কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে পরিবহন খাতে। এর বাইরে বিদ্যুৎ ও জ্বালানিতে ৪৪ হাজার ৩৯৩ কোটি এবং শিক্ষায় ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।এছাড়া বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, কর্মসৃজন, মানবসম্পদ উন্নয়ন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ, দারিদ্র বিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প থাকছে ১ হাজার ৩০৯টি।



