

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-সাভার সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশী কূটনৈতিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে যাতায়াত করবেন। তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে এদিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় যানবাহনের চালক ও ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। বিকল্প সড়ক হিসেবে গাবতলী আমিন বাজার ব্রীজ সাভার-নবীনগর রোড পরিহার করে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
আরিচা-পাটুরিয়া হতে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে। টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।



