

রাজধানী ঢাকায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। মঙ্গলবার ২৩ মে) বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতি ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।ঢাকায় সন্ধ্যার পরে ঝোড়ো হাওয়া বন্ধ হলেও রাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।



