

আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় দুঃখও প্রকাশ করেছে হাসপাতালটি।তবে, মা-শিশুর চিকিৎসা প্রদানে গাফিলতির জন্য প্রথমত ডা. সংযুক্তা সাহাকে দায়ী করেছে। তারপর ওটির চিকিৎসকদের দায়ী করা হয়। তারা সিনিয়রদের ডাকেননি বলে দাবি করেছেন সেন্ট্রাল হাপসপাতালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এ টি এম নজরুল ইসলাম।সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ দাবি করেন। বলেন, ২০১০ সালের পর থেকে ডা. সংযুক্তা সাহার বিএমডিসির রেজিস্ট্রেশন নবায়ন হয়নি, তা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না।এদিকে, এ টি এম নজরুল ইসলাম জানিয়েছেন, সোমবার থেকে আবারও সেন্ট্রাল হাসপাতালের আইসিইউ চালুর নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। তবে ওটি বন্ধ থাকবে। আইসিইউ চালু করতে স্বাস্থ্য অধিদফতর অনুমতি দিয়েছে কি না জানেন না তিনি। আইসিইউ চালু করতে মালিকপক্ষের নির্দেশনা এসেছে বলে উল্লেখ করেন।ভুল চিকিৎসায় আঁখির মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।


