

ধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারের ভন্ডপীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মিরপুর থেকে রোববার (১৮ জুন) রাতে তাকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার (১৯) দুপুরে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের কথা জানান।কথিত এই পীরের ধর্মীয় কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, পড়ালেখা করেছেন ইংরেজিতে। কিন্তু খুলে বসেন দরবার শরিফ। গত ২ জুন লিচু দেয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই গ্রেফতার হলেন তিনি।র্যাব জানায়, কুমিল্লার কথিত এই পীর মোবাইলের ভিডিও দেখে নিয়মিত ধর্মীয় বক্তব্য দিয়ে বেড়াতেন। কিন্তু আরবিও পড়তে পারতেন না। আর আস্তানায় চলতো অনৈতিক কর্মকাণ্ড। ধর্ষণের অভিযোগ উঠলে গা ঢাকা দেন।মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে এই পীর নিজের নাম ও বেশভুশাও পরিবর্তন করেন বলে জানায় বাহিনীটি। প্রায় ১৮ বছর ধরে মানুষের সাথে করেছেন নানা প্রতারণা।ইকবাল শাহ সুন্নি আল কাদেরী নামের এই ব্যক্তির মাধ্যমে কেউ প্রতারিত হলে আইনি সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে র্যাব।



