

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল শেখ হাসিনাকে ফোন করেছেন। ফোনালাপে বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ডেনিস সেমিহাল।সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার ই আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করে ফোনালাপে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধ অতি দ্রুত অবসান হোক, যাতে পৃথিবীর ‘ব্রেড বাস্কেট’ খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে প্রেরণ করা যায়। জাতিসংঘের নেতৃত্বে ‘কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ’-এর প্রতি পূর্ণ সমর্থন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ ও অন্যান্য সংগঠনে ইউক্রেনের পাশে থাকতে শেখ হাসিনাকে অনুরোধ করেন দেশটির প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করেন এবং যা সব ক্ষেত্রে সার্বজনীনভাবে পালিত হওয়া আবশ্যক।


