

যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান (৩১) নামের এক যুবলীগ কর্মী। এছাড়া একই ঘটনায় আহত হয়েছেন আরিফ হোসেন শাকিল (৩০) নামের আরেক কর্মী।
শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রুম্মান যশোর শহরের টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী বলে জানা গেছে।
আহত শাকিল একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুম্মান ও তার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রুপের অন্য সদস্যদের বিরোধ ছিল। এর জেরে শুক্রবার রাতে পুরাতন কসবা কাঁঠালতলা রুম্মানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের ৮-১০ জন। এ সময় রুম্মানের সঙ্গে থাকা শাকিল গুরুতর আহত হয়।
পরে তাদের দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রুম্মানকে মৃত ঘোষণা করেন। শাকিলকে ভর্তি করা হয় সার্জারি বিভাগে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হাসপাতলে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুম্মানকে খুন করে তার প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা করছে।



