

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ফখরুলকে দেখতে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এতো বিষ! কি বাজে ভাষায় বক্তৃতা করে!মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সহযোগী সংগঠনসগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। আরও বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না। নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।ওবায়দুল কাদের জানিয়েছেন, জনমত জরিপে শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখে। আসছে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কম্বোডিয়ায় বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে তাদের নাকি নিষেধাজ্ঞা দিয়েছে। এখানেও যদি কেউ নির্বাচনে অংশ না নেয় সেটা কার দোষ? কম্বোডিয়ার খবর শুনে অনেকের গলায় পানি এসে গেছে। ফখরুলের গলায় অনেক পানি।সংঘাতের উদ্দেশ্যে আগামী ২৭ জুলাই একই দিনে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন সমাবেশ ডেকেছে বলে মির্জা ফখরুল যে অভিযোগ করেছেন তা-ও নাকচ করে দেন ওবায়দুল কাদের। বললেন, আমরা শোকের মাসের কর্মসূচি দিলেও বিএনপি ও তাদের দোসররা তো বলেই, কিছু মিডিয়াও বলে পাল্টা-পাল্টি কর্মসূচি। ২৪ থেকে ২৭, ২৭ থেকে ৩০ জুলাই— এটা আমাদের সুবিধা। কোথায় পাল্টাপাল্টি?


