

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের মধ্যে মারামারির এক পর্যায়ে ভ্লাদিমেস সেভটস (৫২) নামে কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার রাতে রূপপুরে বিদেশি নাগরিকদের গ্রিন সিটি আবাসিক এলাকায় একটি কক্ষে কাজাখস্তানের নাগরিক ও বেলারুশের নাগরিকদের মধ্যে কথা কাটাকাটির জেরে তুমুল মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ভ্লাদিমেসকে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় বেলারুশের তিনজন নাগরিককে আটক করেছে পুলিশ।
নিহত কাজাখ নাগরিক ভ্লাদিমেস প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমিতের ভাণ্ডাররক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শনিবার রাতে বিদেশি নাগরিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কেউ ধারালো অস্ত্র দিয়ে ওই কাজাখ নাগরিককে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের চার-পাঁচটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
একই ঘটনায় ব্রেনজয় নামে আরেক কাজাখ নাগরিক আহত হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



