

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানিকর মামলা করবেন ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার (৬ আগস্ট) ঢাকা আদালতে হাজির হয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন তিনি। সোমবার মামলা করার কথা জানিয়েছেন তার আইনজীবী।হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন গণমাধ্যমকে বলেছেন, আজ রোববার আদালতে এসেছিলেন হিরো আলম। রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা প্রস্তুত করা হচ্ছে। কাল সোমবার ঢাকার সিএমএম আদালতে আবেদন দাখিল করা হবে।এদিকে, রোববার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে অভিযোগ নিয়ে হাজির হন হিরো আলম। কিন্তু ডিবি অভিযোগ নিতে অস্বীকার করেন। এরপর তিনি আদালতে মামলা করার কথা জানান।ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই আমি আদালতে মামলা করতে যাচ্ছি।প্রসঙ্গত, গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন।



