

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে না। ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে।মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তবে, নির্ধারিত তারিখেই পরীক্ষা নেয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে সরকার। দীপু মনি বলেছেন, পরীক্ষা উপলক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এবার এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৯টি বোর্ডে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিমে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরিতে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য বুধবার ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


