

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সর্বকালের সেরা বাঙালি, আমাদের আদর্শ পিতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত বিদায় বাংলাদেশকে অনেক পেছনে ঠেলে দিয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধকে আঘাত করার জন্য। তাদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হবো, এদের প্রতিহত করবো, পরাজিত করবো।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের শত্রু তারা, যারা স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। এখনও ষড়যন্ত্র চলছে। চক্রান্ত চলছে। এখনও এ বাংলার মাটিতে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমাদের অর্জন-উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে। কাজেই আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের আমাদের সবাইকে এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।



