

গোপালগঞ্জে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে কোটালীপাড়ার সিকিরবাজার এলাকায় সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকেত আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ ও কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহত তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।



