

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ আগস্ট) ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২২ আগস্ট শুরু হয়ে চলবে ২৪ আগস্ট পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।সংবাদ সম্মেলনে এ কে আব্দুল মোমেন জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করবেন। ২৩ আগস্ট তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে’ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।একইদিন সরকার প্রধান আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন।আর ২৪ আগস্ট ‘ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’-এ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এ ডায়ালগে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্রিকসে সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। আগামী ২৬ আগস্ট দেশে ফিরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



